কুরাসাও ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, স্বাস্থ্যগত কারণে সভাপতি গিলবার্ট মার্তিনা পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

ফেডারেশন জানিয়েছে, “সাম্প্রতিক একটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় জনাব মার্তিনার প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, যা বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। চিকিৎসক দলের পরামর্শে তাঁর অস্ত্রোপচার হবে। তাই চিকিৎসা ও সুস্থতার প্রক্রিয়ায় সম্পূর্ণ মনোযোগ দিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।”
মার্তিনা বলেন, “আমাদের দেশকে অভূতপূর্ব উচ্চতায়—বিশ্বকাপে—নিয়ে যাওয়ার যাত্রার অংশ হতে পারা আমার জন্য অসীম সম্মানের। এই ঐতিহাসিক অর্জন দীর্ঘমেয়াদি দূরদৃষ্টি এবং ২০০২ সাল থেকে এই লক্ষ্যে নিরলসভাবে কাজ করা অসংখ্য মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল।”
সদ্য শেষ হওয়া যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপে কুরাসাও গ্রুপ পর্বে ১টি ড্র ও ২টি হারে ই গ্রুপের সবার নিচে থেকে বিদায় নিয়েছে।